সশস্ত্র বাহিনী দিবস আজ

আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধা, আধাসামরিক বাহিনী এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণে অংশ নেন। ২১ নভেম্বরের সেই সমন্বিত সামরিক অভিযানের সূচনাকে স্মরণ করেই প্রতিবছর দিবসটি পালন করা হয়। ওই অভিযানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নতুন গতি সঞ্চারিত হয়, যা ১৬ ডিসেম্বরের চূড়ান্ত বিজয় অর্জনের পথকে ত্বরান্বিত করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হবে।

এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, কূটনীতিক, বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা অংশ নেবেন।

ঢাকার পাশাপাশি সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুরের সেনানিবাস ও ঘাঁটিতেও বিভিন্ন কর্মসূচি এবং সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এদিকে দিবসটি উপলক্ষে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো দুপুর ২টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।