দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি আরও কঠোর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব স্থানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে হবে।

এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।