
আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ হলো ব্যক্তি ও রাষ্ট্র হিসেবে পিছিয়ে থাকা। তাই প্রযুক্তির ক্ষেত্রে অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে হবে। উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে থেমে না যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে।
