মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরপরই বিভিন্ন ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।