ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা, গেজেট প্রকাশ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ওসমান ফারুক পদত্যাগ করেছেন। বিধি অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর উপবিধি (৩) অনুসারে বিষয়টি সংসদকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফায় বলা হয়েছে, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র গ্রহণ করার সময় থেকেই সংশ্লিষ্ট আসন শূন্য বলে গণ্য হয়।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, চিকিৎসার প্রয়োজনে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের সময়ে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সাবেক আমলা ও বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ওসমান ফারুক দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরেন। এরপর আবারও রাজনীতিতে সক্রিয় হন তিনি।