গোপালগঞ্জে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-বিএনপি অফিস ভাঙচুর, আটক ৮

গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিল, পুলিশ-বিক্ষোভকারী ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি অফিস ভাঙচুর এবং সড়ক ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে জেলাজুড়ে পুলিশ মোতায়েন জোরদার করা হয়েছে। এসব ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার, সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন তারা। এসময় তাদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়ে লগি-বৈঠার মিছিল বের করেন।

একপর্যায়ে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও থমথমে অবস্থা তৈরি হয়।

দুপুরের দিকে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে শহর অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর অংশ এবং টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার অভ্যন্তরীণ সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার পুড়িয়ে দিনভর যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়।