তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় শোভাযাত্রা শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে বিজয়নগর ও পল্টন এলাকা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কর্মসূচিতে অংশ নিতে বেলা পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। শনিবার দুপুরের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন তাঁরা।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রায় ছিল ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।