
সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিএনপি সরকার সংবিধানে প্রয়োজনীয় সংযোজনের মাধ্যমে এ বিষয়গুলো ফিরিয়ে আনবে।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করেন। অথচ তাঁদের মধ্যে ইসলামের প্রকৃত আদর্শ ও অনুশাসনের প্রতিফলন নেই। তাঁদের দলীয় লোগোতেও ইসলামের পরিচয় ধারণ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তাঁরা কখনো কোরআন, সুন্নাহ ও ইসলামি শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেননি। অন্যদিকে বিএনপি সরকার সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনর্বহালের উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এবং দলটি আজীবন ইসলাম ও ঈমানের খেদমত করে যাচ্ছে।
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট অপশক্তির সম্পৃক্ততা রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে। তবে এ দেশের মানুষ আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
সালাহউদ্দিন আহমদ বলেন, অনেকেই আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন ও তাদের প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরির চেষ্টা করছে। জনগণ ও সরকার এসব অপচেষ্টা রুখে দেবে।
গণহত্যার অভিযোগে বিচার নিশ্চিত করার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনায় কত আলেম-ওলামা শহীদ হয়েছেন, তা জানা নেই। অনেকের মরদেহ পাওয়া যায়নি, আবার অনেকের কবরের সন্ধানও জানা যায়নি। তবে ওই ঘটনার বিচার এ দেশের মাটিতেই হবে।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যার বিচারও করা হবে বলে জানান তিনি।
