মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ নয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন মার-এ-লাগোর দূরত্ব প্রায় ৯ মাইল বা ১৪ দশমিক ৪৮ কিলোমিটার।

শনিবার (১ নভেম্বর) বিকেলে পাম বিচের ক্রেসহ্যাভেন এলাকার একটি আবাসিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিনের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিল। এতে চালকসহ মোট নয়জন আরোহী ছিলেন।

এফএএর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেন এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত করবে। তদন্তের নেতৃত্ব দেবে এনটিএসবি। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে এফএএ।

এদিকে দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী দল ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড ও ১০ম অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী মিলিটারি ট্রেইল সড়ক বন্ধ করে দেয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে সবাইকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচের দিকে নেমে আসছে। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণ ঘটে এবং আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুনের শিখা।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লিয়ারজেট মডেলের উড়োজাহাজটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। বিধ্বস্ত হওয়ার আগে এটি ৪১ হাজার ফুট উচ্চতায় উড়ছিল।

সূত্র: ফক্স নিউজ