গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্য, ট্রানজিট ও করিডোরও নয়

গঙ্গার পানি বাংলাদেশে না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশে পানি না এলে কোনো করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়া হবে না। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় কোনো টেলিভিশন চ্যানেলও চলতে দেওয়া হবে না।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা মাওলানা ভাসানীর ইতিহাস স্মরণ করতে চাই। তিনি ঐতিহাসিক ফারাক্কা অভিমুখে লংমার্চ করেছিলেন। ইনশাআল্লাহ, এ ধরনের পরিস্থিতি তৈরি হলে আমরাও আবার লংমার্চের জন্য প্রস্তুত রয়েছি।’

Youtube Banner
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সম্মেলন-২০২৬-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের ঋণনির্ভরতা নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকার এখন ঋণের জন্য বিভিন্ন দুয়ারে ঘুরছে। কিন্তু সরকারের প্রতি আস্থার সংকট থাকায় কেউ ঋণ দিতে আগ্রহী হচ্ছে না।

জাপানকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অতীতেও জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে মাতারবাড়ী প্রকল্প নিয়ে জাপানের সঙ্গে সরকার কী ধরনের চুক্তি করছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অস্পষ্টতা না রেখে জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তিগুলো সংসদে আলোচনা করতে হবে। সংসদে আলোচনা ছাড়া বাংলাদেশে কোনো জাতীয় চুক্তি পাস করতে দেওয়া হবে না।

এই চুক্তিতে ভারতকে কোনো ধরনের অবৈধ করিডোর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ রুখে দেবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন নিয়ে (স্বরাষ্ট্রমন্ত্রী) সালাহউদ্দিন আহমদ মতামত চেয়েছেন। উনার কাছে আমাদের কোনো মতামত দেওয়ার কিছু নাই। উনি কে মতামত চাওয়ার? তারা এখন আলোচনার জন্য বিরোধী দলকে যেতে বলছে, কিন্তু আলোচনা নির্বাচনের আগেই কমপ্লিট হয়ে গিয়েছে। নতুন করে আর কোনো আলোচনার কিছু নাই।

তিনি বলেন, এখন হচ্ছে বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধানকে সংস্কার করতে হবে। এর অন্যথা কিছু হলে জনগণ সেটা মানবে না, বিরোধী দল সেটা মানবে না, তরুণ প্রজন্ম ও শ্রমিকরা সেটা মানবে না।

শ্রমিকদের আন্দোলন নিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকরা ন‍্যায‍্য মজুরির জন্য আন্দোলন করছে। সরকার সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়িয়েছে। কিন্তু শ্রমিক আর বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। আমরা এ বৈষম্য মানি না। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।