
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং সরকারি বিভিন্ন সেবার মানের অবনতির প্রতিবাদে টানা তৃতীয় সপ্তাহের মতো উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির প্রধান শহরগুলোতে রাজপথে নেমে এসেছেন ৩ লাখ ২০ হাজারের বেশি ক্ষুব্ধ নাগরিক।
এ সময় আন্দোলনকারীদের দমাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সারা দেশ থেকে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই দেশব্যাপী বিক্ষোভে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন। কেবল রাজধানী প্যারিসেই আন্দোলনকারীর সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছায় বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। আগামী কয়েকদিনের মধ্যে ফ্রান্সে একটি সর্বাত্মক সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার প্রক্রিয়া চলাকালেই নতুন করে রাজপথে নামলেন আন্দোলনকারীরা।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগের বিক্ষোভে দেশটির বেশ কিছু স্থানে বড় ধরনের সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা কঠোর করলেও প্যারিসসহ অন্যান্য জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ এড়ানো যায়নি।
এদিকে, ফ্রান্সের এই গণবিক্ষোভের উত্তাপ এখন আন্তর্জাতিক রূপ নিচ্ছে। ইউরোপের অন্যান্য দেশ যেমন আলবেনিয়া, জার্মানি ও ইতালিতেও একাত্মতা জানিয়ে অনূরূপ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে পুরো ইউরোপজুড়েই তরুণদের রাজপথে নেমে আসার এই প্রবণতা আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে।




