প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কার্যকর ও ফলপ্রসূ হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়েছে। সফরে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও তা আরও বাড়ানোর বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে ভিত্তি করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী জাপানের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের সমাধান।

তিনি আরও বলেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাতসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করতে শিগগিরই জাপান একটি ইকোনমিক মিশন পাঠাবে।

‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশকে নিয়ে কথা হয়নি বলেও জানান তিনি। অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনা করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ তা করবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থের সঙ্গে আপস করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।