শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধ ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে ২০১৬ সালে সংঘটিত চাঞ্চল্যকর সাবানা হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লইয়ারকুল গ্রামে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ভিকটিম সাবানাকে উপর্যুপরি আঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে (দায়রা মামলা নং- ৪৪/২০১৭, সিআর নং- ৯৬/১৬)। আলোচিত এই মামলাটিতে মোট ২৫ জন সাক্ষী ছিলেন, যার মধ্যে রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সফলভাবে সম্পন্ন করে।

চাঞ্চল্যকর এই হত্যা মামলাটিতে মোট ১৪ জন আসামি ছিলেন। এর মধ্যে বিচার কার্যক্রম চলাকালে ৩ জন আসামি (সুরুক মিয়া, রাজা মিয়া ও ফারুক মিয়া) মৃত্যুবরণ করায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আজ আদালত মামলার রায়ে ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রধান চার আসামিকে মৃত্যুদণ্ড এবং অতিরিক্ত ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন–নাসির মিয়া ও বিলাল মিয়া আপন দুই ভাই এবং গিয়াস মিয়া ও দুলাল মিয়া (নিহতের সৎ ভাই)।

এ ছাড়া মামলার অন্যান্য ধারায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

ভিকটিমের মা ও বাদী মায়া বেগমকে গুরুতর জখম করার অপরাধে মহিবুর রহমান অমৃত-কে (দণ্ডবিধির ৩২৬ ধারা) ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেলিনা বেগমকে আঘাত করার অপরাধে জয়নাল মিয়াকে (দণ্ডবিধির ৩২৩ ধারা) ১ বছরের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় হুকুমদাতা আসামি আবুল বাশারসহ আলী ইসলাম, হাসি বেগম, জাভেদ ও নাজমীন বেগমসহ অন্যান্য আসামিরা আদালত থেকে খালাস পেয়েছেন।

রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মতিন জানান, সম্পত্তি ও সামান্য পানি নিষ্কাশনের বিরোধকে কেন্দ্র করে আপন ভাই-বোনদের নির্মম হত্যাকাণ্ডের এই মামলাটিতে বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা আরও সুদৃঢ় হলো।

অন্যদিকে, রায়ের পর আদালত চত্বরে আসামিপক্ষের স্বজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। পাশাপাশি উপস্থিত ভিকটিমের পরিবারের স্বজনেরাও কান্নাকাটি ও আহাজারি করেন। পুলিশের উপস্থিতিতে আসামিদের প্রিজন ভ্যানে তোলার সময় স্বজনদের বুকফাটা আর্তনাদ ও বিচার পাওয়ার আকুতি উপস্থিত লোকজনকে নাড়া দেয়।