
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সংরক্ষিত নারী আসনের এ উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত ১৬ অক্টোবর মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।
এলিজা জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা নিয়ে গঠিত এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি। তবে ১২ জানুয়ারির নির্বাচনে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি।
এলিজা জামানের বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।
