জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল হলো

সাইবার হামলার ঝুঁকির কারণে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট সচল হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ৩টার দিকে ওয়েবসাইটটি ব্যবহার করা যাচ্ছিল। তবে ঠিক কখন এটি চালু করা হয়েছে, তা জানা যায়নি।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি। এর আগে ওয়েবসাইটে সাইবার হামলার চিহ্ন পাওয়ায় সেটি চালু করতে বিলম্ব হচ্ছিল।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে একটি নোটিশ দেখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, ওয়েবসাইটে দুটি হামলার চিহ্ন পাওয়া গেছে। সেগুলো ঠিক করতে সময় লাগছে এবং আজকেই (২৫ অক্টোবর) ওয়েবসাইট সচল করার আশ্বাস দিয়েছিলেন ব্যাংকটির কর্মকর্তারা।

এদিকে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও রোববার সকালে চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে বন্ধ থাকার পর সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি আবার ব্যবহার করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রোববার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের সুবিধা বিবেচনায় ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।

গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় সংস্থাগুলো জানায়, এসব ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে।