
জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।
তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সম্পর্ক রয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গুলির নেপথ্যের কারণ অনুসন্ধানের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সংগীতাঙ্গনের পরিচিত মুখ আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও পরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
