
রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বিপরীতে, এক সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি কমেছে ১৫ থেকে ২৫ টাকা। এদিকে বাজারে নতুন মৌসুমের সবজি উঠতে শুরু করলেও সেগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। তবে সরবরাহ বাড়ায় কিছু পুরোনো সবজির দাম কমেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে।
বাজারে গত বৃহস্পতিবার থেকে মুরগির দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে অধিকাংশ দোকানে তা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সর্বনিম্ন দাম রয়েছে ১৮০ টাকা।
অন্যদিকে, সোনালি মুরগির দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। গত সপ্তাহে এ দাম ছিল ৩২০ থেকে ৩৩০ টাকা।
মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইলে রামপুরা বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে খামার পর্যায়ে মুরগির সরবরাহ কিছুটা কমেছে। পাশাপাশি পরিবহন ব্যয় ও পোলট্রি ফিডের দাম বাড়ায় আড়তদারদের বেশি দামে মুরগি কিনতে হচ্ছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
মুরগির বাজারে দাম বাড়লেও ডিমের ক্ষেত্রে দেখা গেছে বিপরীত চিত্র। সরবরাহ পর্যাপ্ত থাকায় কমেছে ফার্মের মুরগির ডিমের দাম।
গত সপ্তাহে খুচরা বাজারে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। বর্তমানে তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাড়া-মহল্লার কিছু দোকানে এখনো প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৫৫ টাকা।
বাজারে নতুন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিম পাওয়া যাচ্ছে। আকার ও বাজারভেদে প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। বাঁধাকপির দাম ৩০ থেকে ৬০ টাকা। নতুন শিমের প্রতি কেজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা। তবে গত সপ্তাহের তুলনায় শিমের দাম কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। এ ছাড়া মুলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায়।
এ ছাড়া পটল ও ঢ্যাঁড়সের প্রতি কেজি দাম কমে ৪০ থেকে ৬০ টাকায় নেমেছে। করলা, ঝিঙে, চিচিঙ্গা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।
তবে চাল, ডাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। এসব পণ্য এখনো তুলনামূলক উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।
