
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক— উভয় দিক থেকেই কঠোর চাপ অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান যুদ্ধে রাশিয়ার ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন, মস্কো তেহরানকে সহায়তার ক্ষেত্রে খুব বেশি কিছু করেনি।
সোমবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। মঙ্গলবার (২০ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও সামরিক— দুই ক্ষেত্রেই ইরানকে কঠোরভাবে আঘাত করছে। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরানকে সহায়তা করার ক্ষেত্রে রাশিয়া অনেকটাই বিরত থেকেছে। মস্কোর এমন অবস্থানকে আমি ইতিবাচক হিসেবে দেখছি।
ইরানের ওপর চাপ বাড়াতে সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক বিধিনিষেধ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর বিরুদ্ধেও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
গত ১৯ আগস্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দেন। সেই সময় তিনি ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য, ইরানের আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুযোগ সীমিত করে দেশটির সরকারের ওপর চাপ বাড়ানো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাব দেশটির অর্থনীতিতে পড়ছে। গত আগস্টে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে দেশটির বৈদেশিক বাণিজ্য ৩৫ শতাংশ কমেছে। তবে অর্থনৈতিক চাপের মুখেও তেহরান এখন পর্যন্ত ওয়াশিংটনের সব দাবির কাছে নতি স্বীকার করেনি।




