ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চলা বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশজুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে আটক করেছে পুলিশ। সহিংসতায় অন্তত ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। খবর বিবিসির।

শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। রাজধানী প্যারিসের ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিকসহ বিভিন্ন এলাকায় বিকেল পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও সন্ধ্যার দিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় মুখোশধারী বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যানবাহনে আগুন ধরিয়ে দেন, দোকানপাট ভাঙচুর করেন এবং কয়েকটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে দাঙ্গা পুলিশ।

প্যারিসের বাইরে বিভিন্ন শহরেও ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। লিমোজেস শহরের ঐতিহাসিক টাউন হলে আগুন ধরিয়ে দিলে ভবনটির ছাদ ধসে পড়ে। আঞ্চলিক প্রিফেকচারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৩ বছরের পুরোনো ভবনটির প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে।

লিওঁ শহরের ঐতিহাসিক পর্যটন কার্যালয়ও আগুনে পুড়ে যায়। শহরটির মেয়র গ্রেগরি দুসে জানান, পরিচিত এই স্থাপনাটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় দমকলকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সেন্ট-এতিয়েন শহরে পুলিশের একটি গ্রেনেড বিস্ফোরণে এক তরুণ বিক্ষোভকারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র রেজিস হুয়ানিকো।