
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পর্যটকসহ আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Youtube Banner
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে চলে গেছেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ-পূর্ব বাংলাদেশের কক্সবাজার দীর্ঘ বালুকাময় সমুদ্রসৈকত, দ্বীপ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। দেশ-বিদেশের বহু পর্যটক প্রতিবছর এখানে ভ্রমণে আসেন।
সম্প্রতি কক্সবাজারে পর্যটকদের উপস্থিতি বাড়ছে। আসন্ন দুর্গাপূজার পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
