
রাজধানীর মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্বজনদের অভিযোগ, অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও সময়মতো অস্ত্রোপচার না হওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে আনার সময়ই রোগীর শারীরিক অবস্থা গুরুতর ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় তীব্র পেটব্যথা নিয়ে মাহিমা নামের ওই কিশোরীকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম করানো হলে অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার বিষয়টি শনাক্ত হয়।
পরে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই শনিবার সকালে মাহিমার মৃত্যু হয়।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোগীর মৃত্যুর পর স্বজনরা মরদেহ নিয়ে গাজীপুরে চলে যান এবং সেখানেই রাতে দাফন করা হয়। পরে রাত ১০টার দিকে শাহজাহানপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের পরিচয় দিয়ে শাহরিয়ার সবুজ নামে একজন হাসপাতালে এসে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন এবং ১০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের।
আবুল কালাম আজাদের ভাষ্য, হাসপাতালের পক্ষ থেকে তাদের জানানো হয়, চিকিৎসায় কোনো অনিয়ম হয়ে থাকলে তারা আইনি প্রক্রিয়ায় যেতে পারেন। তবে এভাবে আর্থিক সমঝোতা করা হবে না। পরদিন দুপুরে এ বিষয়ে আলোচনায় বসার কথা থাকলেও স্বজনদের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বিকেলে প্রায় ১০০ জন হাসপাতালে এসে জরুরি বিভাগের সামনে অবস্থান নেন এবং সেখানে থাকা রোগীদের ভয়ভীতি দেখাতে থাকেন। তাদের অন্যত্র অবস্থান করতে বললে তাকে মারধর করা হয়। পরে দ্বিতীয় তলার লেবার রুমে গিয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় হাসপাতালের প্রায় ১০ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
তবে ১০ লাখ টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন শাহরিয়ার সবুজ। তার দাবি, মাহিমা তার চাচাতো বোন। অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার পর প্রথমে তাকে প্যান প্যাসিফিক হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে এবং রোগীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
শাহরিয়ার সবুজ বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাহিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রস্তুতি নিলেও রাতে অপারেশন না হওয়ায় পরদিন সকালে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, ঘটনার সুষ্ঠু বিচার চাওয়ার জন্য তারা হাসপাতালে গেলে উল্টো তাদের ওপর হামলা করা হয়।
১০ লাখ টাকা দাবির অভিযোগ প্রসঙ্গে শাহরিয়ার সবুজ বলেন, তিনি কোনো অর্থ দাবি করেননি। বরং হাসপাতাল কর্তৃপক্ষই বিষয়টি আর্থিকভাবে মীমাংসার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, তারা কোনো ধরনের আর্থিক সমঝোতায় রাজি হননি এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।
ঘটনার সময় হাসপাতালে থাকা আরেক রোগীর স্বজন তৌফিক মেজবাহ বলেন, তিনি গত শুক্রবার থেকে তার বোনকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার পাশেই ওই ঘটনার সূত্রপাত হয় বলে জানান তিনি।
তৌফিকের দাবি, রোগীর মৃত্যুর পর তার বাবা-মা মরদেহ নিয়ে চলে যান। পরে রাতে একদল লোক হাসপাতালে এসে অর্থ দাবি করে। পরদিন সন্ধ্যার পর আবারও কয়েকজন হাসপাতালে এসে কয়েকজনকে মারধর করেন এবং ভাঙচুর চালান বলে জানান তিনি।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতালের কর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন বলেও জানান তিনি।
ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনদের বক্তব্যে পরস্পরবিরোধী অভিযোগ উঠেছে। রোগীর মৃত্যুর কারণ ও চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার বিষয়।
