
এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের পর এবার ২৭ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। পাশাপাশি ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বরের পরিবর্তন হয়েছে। পুনঃমূল্যায়নের মাধ্যমে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন এবং এ প্লাস পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, এবার আইন করে এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। এবার পাস করা শিক্ষার্থীর সংখ্যার চেয়েও বেশি পুনঃমূল্যায়নের আবেদন জমা পড়েছে। অতীতে এ ধরনের সুযোগ না থাকায় অনেক পরীক্ষার্থী সঠিক ফলাফল থেকে বঞ্চিত হয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ নিয়োগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হওয়ায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল আবেদন পাওয়া গেছে। ডিপিও লেটার ইস্যুর সময় দেখা গেছে, অনেক প্রার্থীর ঠিকানা পরিবর্তন হয়েছে। আবার কেউ কেউ যথাযথভাবে যোগাযোগ করেননি। এসব তথ্য ধাপে ধাপে ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে এবং পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ৮১৭ জনের নিয়োগপত্র পাওয়া বাকি রয়েছে। তাদের বিষয়ে পর্যায়ক্রমে ভেরিফিকেশন চলছে এবং প্রার্থীদের ঠিকানা শনাক্ত করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এরপর চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এ ছাড়া ভবিষ্যতে অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক বদলির কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ অক্টোবর ১০০ জন গুণী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব শিক্ষকের হাতে সম্মাননা তুলে দেবেন।
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এর আগে ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কাণ্ডারি। তাদের সুযোগ-সুবিধা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
