
রাজধানীর গুলিস্তান জিপিও মোড় এলাকায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
অভিযান শেষ হওয়ার পর আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ওসি আরিফুল আলম।
