
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চারজনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন সজিব, সামিয়া ও শিশু সামিন। তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বৈদ্যার বাজারের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে একই স্থান থেকে সজিব ও শিশু সামিনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
নিখোঁজ হেলাল উদ্দিনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে বৈদ্যার বাজারের উদ্দেশে রওনা হন ১৩ জন। তাদের সঙ্গে গরু-ছাগলও ছিল। মেঘনা নদীর মাঝপথে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
এ সময় স্থানীয়দের সহযোগিতায় আটজন তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর হেলাল উদ্দিন, তার ছেলে সজিব, মেয়ে সামিয়া ও শিশু ছেলে সামিন নিখোঁজ ছিলেন।
দুই দিন ধরে নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান চলার পর শনিবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। হেলাল উদ্দিন এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে ডুবুরি দল ও নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
