বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ সরবরাহ কমিয়ে বাংলাদেশের সঙ্গে ‘খেলা করছে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদানি বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এক ধরনের সংকট তৈরির চেষ্টা করছে। একদিন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দিলেও পরদিন তা কমিয়ে ৫০ মেগাওয়াট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের গ্যাস পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, আগের সরকার নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেয়নি। বর্তমানে সরকার দ্রুতগতিতে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে। পাশাপাশি গ্যাসের সংকটের কারণে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ডিজেল ও কয়লাচালিত নয়টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এসব কেন্দ্র সচল করতে উচ্চমূল্যে এলপিজি সংগ্রহ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু করার আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থানের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। অতীতে সরকারি বিভিন্ন দপ্তরে ঘুষ ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, স্বাস্থ্য খাতসহ সব জায়গা থেকে দুর্নীতি দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের আইনি পদক্ষেপের পাশাপাশি পরিবার পর্যায়ে সচেতনতা ও কাউন্সেলিং বাড়ানোর পরামর্শ দেন।

ধর্ষণ ও অন্যান্য অপরাধ দমনে পুলিশকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এ খাতে জনবল সংকট, যন্ত্রপাতির যথাযথ ব্যবহার না হওয়া এবং অনিয়মের মতো সমস্যা রয়েছে। অনেক হাসপাতালে দামি চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও কারিগরি কর্মী নেই বলেও তিনি উল্লেখ করেন।

তবে দায়িত্ব নেওয়ার পর জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় মানিকগঞ্জের তিন সংসদীয় আসনের সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।