
আন্তর্জাতিক ডেস্ক
চীন-নেপাল সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে ৩৪১ জন বিদেশি পর্যটকসহ কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় এ বিপর্যয় ঘটে। ঘটনার পর নিখোঁজ পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে।
নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, দুর্গত এলাকায় থাকা পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
পর্যটন বোর্ডের প্রাথমিক হিসাব অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ১০৫ জন ভারতীয়, ১৭ জন মালয়েশিয়ান, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন নাগরিক, একজন অস্ট্রেলীয় এবং একজন ডাচ নাগরিক রয়েছেন। আরও বেশ কয়েকজন বিদেশির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংসদে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ওই এলাকায় ভূমিকম্প হয়। এর পর ভূমিকম্পের প্রভাবে হিমবাহ ধস নেমে ভয়াবহ পাহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্যোগে নেপালের পাশাপাশি সীমান্তের ওপারে চীনের অংশেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনায় নেপালের নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিখোঁজ হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে নেপাল পুলিশের ২৬ সদস্য, সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ সদস্য এবং সেনাবাহিনীর ৪৪ সদস্য রয়েছেন। এ ছাড়া স্থানীয় কাস্টমস ও ইমিগ্রেশন বিভাগের কয়েকজন কর্মকর্তারও সন্ধান পাওয়া যাচ্ছে না।
দুর্যোগের পর নিখোঁজদের উদ্ধারে তল্লাশি জোরদার করা হয়েছে। দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারী দল।




