ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে জশনে জুলুস

দেশবাংলা ডেস্ক :

মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ১২ দিনব্যাপী ১২তম বার্ষিক আজিমুশ্বান ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিল ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত মাদারটেক পুরাতন কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ এর পৃষ্ঠপোষকতায় মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহযোগিতায় মসজিদ প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মত এবারও জশনে জুলুস বের হয়।

ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আজ বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় জুলুসটি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাদারটেক বাজার, মাদারটেক কবরস্থান, বাসাবো ও সবুজবাগ থানাধীন বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত ১২ দিনব্যাপী ১২তম বার্ষিক আজিমুশ্বান ঈদ-এ-মিলাদুন্নবী মাহফিলে প্রিয় নবী (সা.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথি ও প্রখ্যাত ওলামায়ে কেরাম।

সভাপতি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বছর ঘুরে আমাদের মাঝে আবার ফিরে এলো মাহে রবিউল আউয়াল এবং আমরা ফিরে পেলাম সেই খুশির দিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ১২ই রবিউল আউয়াল শরিফ। আমরা এই দিনকে পেয়ে অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, সহী বুখারী শরিফ সহী মুসলিম শরিফের আদর্শে এসেছে রাসূলে পাককে নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে কোনো মুমিন ঈমানদার হতে পারে না. সেজন্যেই ঈমানের দাবী সকল মুসলমান নবীজিকে আপন জানের চাইতেও বেশি ভালোবাসবে এটাই কোরআন সুন্নাহর উপসংহার কথা. আমরা অনুরোধ জানাবো, সকল মুসলমানকে যারা এখনও বিভিন্ন বিভ্রান্ত ওস্তাদের শিক্ষা গ্রহণ করে নবীজির বিরুদ্ধে অবস্থান করছে, বিরুদ্ধে কথা বলছে এদেরকে অতি তাড়াতাড়ি তওবা করে ফিরে আসার জন্য আমরা আহ্বান জানাবো।

তওবা করে ঈদ-এ-মিলাদুন্নবীর পক্ষে এসে নিজেদের ঈমানকে মজবুত করার জন্য আমরা সবিনয় অনুরোধ করবো। কারণ ঈমান হলো আখিরাত ও নাযাতের প্রধান হাতিয়ার। ঈমান যদি না থাকে কোনো আমল দ্বারা মানুষ আখিরাতের নাযাত পেতে পারে না। আর নবীর ভালোবাসাই হলো সেই ঈমানের মূল কথা। রাসূলে পাকের শুভ আগমন ও শুভ জন্মের দিনকে ঈদ-এ-মিলাদুন্নবী বলা হয়।

মসজিদ কমিটির উদ্যোগে ও সাধারণ মুসল্লিদের সহযোগিতায় বাদ জোহরের নামাজের পর সমাপনী বক্তব্য, মিলাদ, আখেরি মুনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে।

মাহফিল পরিচালনা করেন, আলহাজ্ব হাফেজ ক্বারী মৌলভী সেলিম আহমাদ, পেশ ইমাম, মাদারটেক পুরাতন বড় জামে মসজিদ এবং আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান, প্রধান শিক্ষক, হানাফিয়া চাঁনমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা।

সার্বিক ব্যবস্থাপনায় : মাদারটেক পুরাতন কেন্দ্রীয় বড় জামে মসজিদ কমিটি।