
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কক্সবাজার রামুতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের ৫ম ব্যাচ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণার্থীরা বলেন, এখানের পরিবেশ খুব সুন্দর এবং নিয়ম মাফিক সব কিছু করা হয়ে থাকে, কোনো অনিয়ম নেই। সরকার যদি এমন কোর্স সবসময় চালু রাখে তাহলে দেশের যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে এবং আত্ননির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।
প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, আহার, ট্র্যাকসূট, টি-শার্ট ও কেডস প্রদান করা হয়। এছাড়াও সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্নকারীদের দৈনিক ৩০০/- টাকা হারে মোট ৪,২০০/- টাকা প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিকেএসপির রামু কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উপ পরিচালক রোকন উদ্দীন আহমেদ, কারাতে কোচ মোহাম্মদ নায়েমুর রহমান, জুডো কোচ কে কে মারমা, তায়কোয়ানডো কোচ রেদোয়ান রাতুল, শ্যুটিং কোচ জামিউল খান ,কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে ৫ম ব্যাচে ৪টি গ্রুপে মোট ১৩৫ জন প্রশিক্ষণ নিবেন।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় বিকেএসপির মাধ্যমে সারা দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।
