
হাফেজ মোঃ শামীম হাসান
শিক্ষার্থী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকা।
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানি। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং মহান আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই আল্লাহ তাআলা কোনো না কোনো রূপে কোরবানির বিধান রেখেছিলেন। তবে আমরা বর্তমানে যে পদ্ধতিতে কোরবানি করি, তা মূলত মিল্লাতে ইব্রাহিমীর মহান সুন্নতের ধারাবাহিকতা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কোরবানি সম্পর্কে নির্দেশ দিয়ে বলেন—
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অর্থ: “অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন।” (সূরা আল-কাওসার, আয়াত: ০২)
*কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন*।
একজন মুমিন তার কষ্টার্জিত অর্থ দিয়ে পশু ক্রয় করে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা উৎসর্গ করে। সুন্নাহ অনুযায়ী কোরবানিদাতা নিজ হাতে পশু জবাই করা উত্তম। এই ইবাদতের মাধ্যমে মানুষের মনের ভেতরের পশুবৃত্তি, সম্পদের লোভ ও অহংকার দূর হয়। অন্যদিকে জবাইকৃত পশুর গোশত অসহায়, দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার মাধ্যমে সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা পায়।
কোরবানি কাদের ওপর ওয়াজিব?
১০ই জিলহজ ঈদের দিন থেকে ১২ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, মুকিম (যিনি সফরে নেই) মুসলিম নর-নারী যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তবে তাঁর ওপর কোরবানি করা ওয়াজিব।
পশু ক্রয়ের ক্ষেত্রে জরুরি বিষয়সমূহ
কোরবানির পশু ক্রয়ের সময় প্রধানত দুটি বিষয় লক্ষ্য রাখা জরুরি:
১. পশুর বয়সসীমা: গরু ও মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন ২ বছর, উটের ক্ষেত্রে ৫ বছর এবং ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে সর্বনিম্ন ১ বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া ও দুম্বার ক্ষেত্রে বিশেষ মাসআলা হলো—৬ মাসের বেশি বয়সের ভেড়া বা দুম্বা যদি এতটুকু মোটা-তাজা ও পুষ্ট হয় যে, দূর থেকে দেখতে ১ বছর বয়সীর মতো মনে হয়, তবে তা দ্বারা কোরবানি বৈধ।
এ প্রসঙ্গে আল্লাহর রাসূল (সা.) বলেন:
لَا تَذْبَحُوا إِلَّا مُسْنَّةً إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
অর্থ: “তোমরা নির্ধারিত বয়স পূর্ণ হওয়া পশু ছাড়া জবাই করো না। তবে যদি তা তোমাদের জন্য কষ্টকর হয়, তাহলে তোমরা ছয় মাস বয়সী (পুষ্ট) ভেড়া বা দুম্বা জবাই করতে পারো। যদি তা দেখতে এক বছর বয়সী দুম্বা বা ভেড়ার সমান হয়” (সহীহ মুসলিম: ১৯৬৩)
২. শারীরিক ত্রুটিমুক্ততা: পশুকে অবশ্যই অন্ধত্ব, খোঁড়ামি, চরম দুর্বলতা বা লেজ ও কান কাটার মতো বড় ত্রুটি থেকে মুক্ত হতে হবে। তবে কান বা লেজ যদি এক-তৃতীয়াংশ (১/৩) বা তার চেয়ে কম কাটা থাকে এবং শিং যদি আংশিক ভাঙা থাকে, তবে কোরবানি শুদ্ধ হবে। (দলিল: আল-হেদায়া, খণ্ড: ০৪)
শরিকানা কোরবানির নিয়ম ও সতর্কতা
গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ ভাগে কোরবানি দেওয়া যায়।
তবে শরিকানা কোরবানির ক্ষেত্রে কয়েকটি বিষয়ে কঠোর সতর্ক থাকা প্রয়োজন:
হালাল উপার্জন: সমস্ত শরিকের অর্থ সম্পূর্ণ হালাল হতে হবে। কোনো একজনের উপার্জনে সামান্যতম হারামের মিশ্রণ থাকলে কারও কোরবানি শুদ্ধ হবে না।
নিয়তের বিশুদ্ধতা: সবার নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। শুধু গোশত খাওয়া বা লোক দেখানোর নিয়ত থাকলে কোরবানি বিফলে যাবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে—
لَنْ يَنَالَ اللَّهَ لحومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ
অর্থ: “আল্লাহর নিকট পৌঁছায় না ওদের গোশত এবং রক্ত, বরং তাঁর নিকট পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া।” (সূরা আল-হাজ্জ, আয়াত: ৩৭)
এজন্য সামর্থ্য থাকলে অংশীদারিত্ব বা শরিকানায় কোরবানি না দিয়ে একা একটি গরু, অন্যথায় একা একটি বকরি বা ছাগল দ্বারা কোরবানি করা অধিক শ্রেয় ও নিরাপদ। কারণ, শরিকানা কোরবানিতে যেকোনো একজনের নিয়তে কিংবা উপার্জনে সমস্যা থাকলে সবার কোরবানি বিফলে যাবে। সুতরাং, এই বিষয়ে সতর্ক থাকা অপরিহার্য।
জবাইকারী ও কসাইয়ের পারিশ্রমিক এবং গোশত বণ্টন
কোরবানির পশুর কোনো অংশ, গোশত বা চামড়া বিক্রি করে পশু জবাইকারী কিংবা গোশত কাটার কসাইকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এমনকি চামড়ার টাকাও তাদের পারিশ্রমিক বাবদ দেওয়া জায়েজ নেই। পারিশ্রমিক দিতে হবে সম্পূর্ণ আলাদাভাবে, নিজের তহবিল থেকে। এ বিষয়ে হযরত আলী (রা.) বলেন:
أَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَقُومَ عَلَى الْبُدْنِ، وَلاَ أُعْطِيَ عَلَيْهَا شَيْئًا فِي جِزَارَتِهَا
অর্থ: “রাসূলুল্লাহ (সা.) আমাকে তাঁর কোরবানির উটগুলোর তত্ত্বাবধান করতে এবং কসাইকে পারিশ্রমিক বাবদ কোরবানির পশুর কোনো অংশ দিতে নিষেধ করেছিলেন।”
(সহীহ বুখারী: ১৭১৬, সহীহ মুসলিম: ১৩১৭)
কোরবানির সাথে একই পশুতে আকিকা দেওয়া জায়েজ। এবং গোশত তিন ভাগ করে বণ্টন করা বাধ্যবাধকতা নয়, বরং মুস্তাহাব বা উত্তম। কেউ চাইলে নিজেরা সব গোশত খেতে পারেন বা পুরোটাই দান করে দিতে পারেন।
একটি বড় ভুল ধারণা
আমাদের সমাজে প্রচলিত আছে, যে যৌথ পরিবারে একাধিক সামর্থ্যবান ব্যক্তি থাকলেও পুরো পরিবার থেকে মাত্র একটি কোরবানি দেওয়া হয়। এটি একটি ভুল প্রথা। পরিবারের যতজন সদস্যের (যেমন: পিতা, চাকরিজীবী সন্তান বা সম্পদশালী স্ত্রী) নিজস্ব নেসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাঁদের প্রত্যেকের ওপর আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দিলে গুনাহগার হতে হবে।
এ বিষয়ে রাসূলুল্লাহ (সা.) কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন:
من وجد سعة لأن يضحي فلم يضح فلا يقربن مصلانا
অর্থ: “যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।”
(মুসনাদে আহমাদ, ২/৩২১; ইবনে মাজাহ: ৩১২৩)
সুতরাং, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মাসআলা অনুযায়ী সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন এবং সকলের কুরবানী কবুল করুন আমীন।
