
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে গ্রহণ করা হয়েছে।
শনিবার দুপুরে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতেই এই চালানের গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৭ এপ্রিল একই পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানে প্রায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আমদানির পরিকল্পনা রয়েছে। এর প্রথম চালান ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
এর আগে বছরের প্রথম তিন মাসে পাইপলাইনের মাধ্যমে চার দফায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। পার্বতীপুর ডিপো থেকে পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম কোম্পানির মাধ্যমে এসব জ্বালানি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।
উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এই পাইপলাইন প্রকল্প চালু করা হয়। ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর পাইপলাইন নির্মাণ শুরু হয় এবং ২০২৩ সালের মার্চে এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জ্বালানি আমদানি শুরু হয়।
দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। সংশ্লিষ্টরা বলছেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহনের ফলে সময় ও খরচ কমে এসেছে এবং সরবরাহ ব্যবস্থায় গতি এসেছে।
