এফএ কাপ আর্সেনালকে বিদায় করে সেমিফাইনালে সাউদাম্পটন

চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছিল আর্সেনাল। কোয়াড্রাপল শিরোপা জেতার উজ্জ্বল সম্ভাবনা ছিল তাদের সামনে। কিন্তু আন্তর্জাতিক বিরতির আগে-পরে দুটি হারে পথহারা মিকেল আর্তেতার শিষ্যরা। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এবার এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিলো গানার্সরা।

শনিবার (৪ এপ্রিল) সেন্ট মেরি’স স্টেডিয়ামে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। সাউদাম্পটনের পক্ষে রস স্টুয়ার্ট ও শেয়া চার্লস গোল করেন। আর্সেনালের পক্ষে একটি গোল শোধ করেন ভিক্তর ইয়োকেরেস।

পুরো ম্যাচে অবশ্য আধিপত্য আর্সেনালেরই ছিল। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নিয়ে ৯টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। অন্যদিকে সাউদাম্পটন ৭টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখেই জয় আদায় করে নিয়েছে। আর্সেনাল বেশি শট নিলেও কার্যত প্রতিপক্ষকে সেভাবে ভাবাতেই পারেনি। ফলে দুই শিরোপার স্বপ্ন ভেঙে গেল আর্সেনালের।

এদিন ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সাউদাম্পটন। ৩৩ মিনিটে গোল করে আর্সেনালকে স্তব্ধ করে দেন রস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতায় ফিরেছিল গানাররা। গ্যাব্রিয়েল জেসুসের বদলি হিসেবে মাঠে নামার ৮ মিনিট পর গোল করে গানারদের সমতায় ফেরান ইয়োকেরেস। কাই হাভার্টজের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই সুইডিশ স্ট্রাইকার।

কিন্তু শেষ পর্যন্ত সেই সমতা ধরে রাখতে পারেনি আর্সেনাল। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দলটি ফের লিড পায় ইয়োকেরেসের মতোই বদলি নামা এক খেলোয়াড়ের গোলে। ৭৭ মিনিটে বদলি নামা শেয়া চার্লস ৮৫ মিনিটের মাথায় টম ফেলোসের পাস থেকে গোল করে সেন্টদের উল্লাসে মাতান। এবার আর সমতাসূচক গোল আদায় করতে পারেনি আর্তেতার শিষ্যরা।

এদিকে, সাউদাম্পটনের আগে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর চেলসি ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পোর্ট ভ্যালেকে।