হাম মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারের ওপর এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রাদুর্ভাব হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে তিনি বলেন, ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে। রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং অন্যান্য হাসপাতালেও চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ২০১৮ সালের পর দেশে হামের টিকাদান কার্যক্রম বড় আকারে পরিচালিত হয়নি। নতুন করে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে হামের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।