
বুধবার (১ মে) মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন,আখতারুজ্জামান ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশের কোনো শহর।৬-৭ বছর আগে বিদেশ গিয়েছেন এমন কেউ আজ দেশে এসে কুড়িল ফ্লাইওভার দেখলে মনে হবে বিদেশি সিনেমার দৃশ্য।এটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র।
শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, আগে একজন রিকশাচালক বা শ্রমিক একদিন কাজ না করলে তার বাসায় চুলা জ্বলতো না।এখন সে চাইলে মাসে ১৫ দিন কাজ করলেই হয়,বাকি দিন কাজ করলে সঞ্চয় হবে।
আমাদের সরকারই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছে।এখানে প্রায় ৩শ কোটি টাকা জমা আছে।পোশাক শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় হচ্ছে।আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬শ টাকা ছিল।আমরা ৮ হাজার টাকা করেছি যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আলোচনা সভায় বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, আমাদের উদ্যোগ পোশাক নিয়ে। লোকে বলে আমরা সুতা বুনি। আমি বলি, আমরা সভ্যতা বুনি। এই কৃতিত্ব মালিকদের একার নয়, সবার। সবচেয়ে বেশি শ্রমিক ভাইবোনদের। আমাদের শিল্পের কারিগররা যেন সুখে-শান্তিতে দুধে-ভাতে থাকে। রানা প্লাজার মতো দৃশ্য আমাদের যেন আর দেখতে না হয়।
