মির্জা ফখরুল দুর্নীতিবাজদের প্রতিরোধের ডাক দিলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আজকে শ্রমিকরা তাদের অধিকার হারিয়েছে। এই দুর্নীতিবাজ সরকার মানুষের পকেট কেটে নিয়ে দুর্নীতি করছে। তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার (০১ মে) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক র‍্যালি উদ্বোধনের সময় তিনি দুর্নীতিবাজদের প্রতিরোধে সবাইকে আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন,এই মে দিবস অধিকার আদায়ের দিন। এই দিবসকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য।
তিনি বলেন, আজকে একটি মহান দিন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে শ্রমিক ভাইদের মর্যাদা নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি নেই, শ্রমিক ভাইয়েরা মানবেতর জীবনযাপন করেন। দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চালের দাম বৃদ্ধি পাচ্ছে। বাসা ভাড়া এমনকি বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। এই সরকার তাদের দুর্নীতিকে বৈধ করার জন্য এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।
পরে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে শ্রমিকদের এই র‍্যালির উদ্বোধন করেন।পরে একটি র‍্যালি নয়াপল্টন থেকে শান্তিনগর মোড়ে গিয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এসময় শ্রমিকরা খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন। তাদের হাতে বিভিন্ন রকমের ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড দেখা যায়।