
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের থেকে এক সাংবাদিকের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ জান আমিন (৩৯) নামের এক সাংবাদিক গত ১৬ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে শাহবাগ থানাধীন জাতীয় প্রেস ক্লাবের ভেতরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে দ্বিতীয় তলায় যান। পরে কাজ শেষে সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে নিচে নেমে এসে দেখেন, সেখানে রাখা তার মোটরসাইকেলটি আর নেই।
তিনি অভিযোগে উল্লেখ করেন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মোটরসাইকেলটি ১০০ সিসি রানার বুলেট ভার্সন–২ মডেলের। এর ইঞ্জিন নম্বর: RB11YAH200715575, চেসিস নম্বর: BRBVAG200715575, রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ল-৪৮-৮৪৮৯। মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দ্রুত মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সাংবাদিক মহলে ঘটনাটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও জাতীয় প্রেস ক্লাবের মতো স্থানে মোটরসাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
