গুজবে উত্তরায় হামলা-সংঘর্ষ

রাজধানীর উত্তরায় একজন রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে মার্কেট ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরা পশ্চিম থানা এলাকার স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মার্কেটের সামনে রিকশা পার্কিংকে কেন্দ্র করে এক রিকশাচালকের বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ওই রিকশাচালক মারা গেছেন এবং তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে- এমন গুজব দ্রুত ছড়িয়ে পড়ে।

গুজব ছড়িয়ে পড়ার পর আশপাশের রিকশাচালকেরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন এবং বাণিজ্যিক ভবনটিতে হামলা ও ভাঙচুর চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, বিষয়টি যাচাই করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালালেও এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।