
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বর্ধিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা ৩১ মার্চ পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।
বুধবার (১১ মার্চ) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশনা পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও ফি পরিশোধের শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষার্থীরা ফি ‘সোনালী সেবা’ ব্যবহারের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
এর আগে, ফরম পূরণের মূল সময়সীমা ৯ মার্চ পর্যন্ত নির্ধারিত ছিল। শিক্ষা বোর্ড জানিয়েছে, অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেনি; তাই তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সময় বৃদ্ধি করা হয়েছে।
