আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৭০ হাজার

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১১ মার্চ) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি এখন বিক্রি হবে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকায়।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হবে।