বিশ্বের ১৬টি অঞ্চলে বাড়ছে দুর্ভিক্ষের ঝুঁকি, সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক

সশস্ত্র সংঘাত ও চরম জলবায়ুজনিত পরিস্থিতির কারণে আগামী ছয় মাসে বিশ্বের ১৬টি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ক্ষুধা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের দুটি সংস্থা।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, সহিংসতা, বাস্তুচ্যুতি, অর্থনৈতিক সংকট এবং এল নিনোসহ চরম আবহাওয়ার প্রভাবে সুদান, দক্ষিণ সুদান, সোমালিয়া, উত্তর নাইজেরিয়া ও ইয়েমেন সবচেয়ে বেশি দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। খবর আলজাজিরার।

‘গ্লোবাল নেটওয়ার্ক অ্যাগেইনস্ট ফুড ক্রাইসিস’-এর আওতায় বছরে দুবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ঝুঁকিপূর্ণ অঞ্চলের সংখ্যা ছিল ১৩টি। নতুন প্রতিবেদনে তা বেড়ে ১৬টিতে দাঁড়িয়েছে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছে চাদ, উগান্ডা, দক্ষিণ আফ্রিকা এবং মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চল। অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছে লেবানন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৬টি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে ১২টিতে ক্ষুধা সংকটের প্রধান কারণ সশস্ত্র সংঘাত ও সহিংসতা। পাশাপাশি খাদ্য, জ্বালানি ও পরিবহন ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের খাদ্য কেনার সক্ষমতা কমে যাচ্ছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসগুলোতে এল নিনো পরিস্থিতি অস্বাভাবিকভাবে তীব্র হতে পারে। নতুন করে চিহ্নিত চারটি ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে তিনটিতে-দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকার শুষ্ক করিডোর এবং উত্তর-পূর্ব উগান্ডায়-ক্ষুধা সংকটের অন্যতম প্রধান কারণ হয়ে উঠতে পারে এই আবহাওয়াগত পরিস্থিতি।

২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংস্থা দুটি জানিয়েছে, মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় সম্ভাব্য বিপর্যয় মোকাবিলার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

২০২২ সাল থেকে বারবার ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় থাকা সবচেয়ে সংকটাপন্ন পাঁচটি দেশে ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মানবিক সহায়তার পরিমাণ প্রায় দুই-তৃতীয়াংশ কমেছে। এ সময় সহায়তার পরিমাণ ৫ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে কমে ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এফএও ও ডব্লিউএফপি জানিয়েছে, সংঘাত, অর্থনৈতিক সংকট, চরম জলবায়ু পরিস্থিতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা এসব অঞ্চলে খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। তবে সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় আগের অর্জন ধরে রাখা এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর সক্ষমতা দুর্বল হয়ে পড়ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতীতে মানবিক সহায়তার মাধ্যমে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হলেও সেই সাফল্য ছিল ভঙ্গুর ও স্বল্পস্থায়ী। ফলে কয়েক বছরের ব্যবধানেই এসব অঞ্চলে আবারও তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা ও দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে।

সুদানের পরিস্থিতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফানের ১৩টি এলাকায় দুর্ভিক্ষের ঝুঁকি অব্যাহত থাকতে পারে। দেশটিতে চলমান সংঘাতের কারণে খাদ্য উৎপাদন, বাজারব্যবস্থা এবং মানবিক সহায়তা সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ ছাড়া সোমালিয়া ও দক্ষিণ সুদানের কয়েকটি এলাকাতেও দুর্ভিক্ষের ঝুঁকি চিহ্নিত করেছে সংস্থা দুটি। এসব অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটকে আরও জটিল করে তুলছে।

আফগানিস্তান, হাইতি, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং গাজাকেও ‍‍অত্যন্ত গভীর উদ্বেগের‍‍ এলাকা হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর খাদ্য নিরাপত্তায় সামান্য উন্নতি হওয়ায় গাজাকে সর্বোচ্চ উদ্বেগের স্তর থেকে এক ধাপ নিচে নামানো হয়েছে। তবে সংস্থাগুলো সতর্ক করেছে যে, গাজার পরিস্থিতি এখনো ভঙ্গুর রয়ে গেছে, অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।