
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশসহ ১৪টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। উৎপাদন ও শিল্প খাতে অতিরিক্ত সক্ষমতা এবং কাঠামোগত অসামঞ্জস্যের অভিযোগে আট মাসের তদন্ত শেষে এ প্রস্তাব সামনে এনেছে দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে তদন্ত চালানোর পর নতুন শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। তবে তদন্তের আওতায় থাকলেও আপাতত মেক্সিকো ও নরওয়ের পণ্যে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়নি। দেশ দুটির অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত এখনো পর্যালোচনাধীন।
প্রস্তাবিত শুল্কের আওতায় রয়েছে চীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
দেশ ও পণ্যভেদে শুল্কের হার আলাদা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। অন্য দেশগুলোর পণ্যে ২০ অথবা ২৫ শতাংশ হারে শুল্কের প্রস্তাব রয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন অতিরিক্ত উৎপাদন ও কম দামে পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনকে বিশেষভাবে দায়ী করছে। ওয়াশিংটনের অভিযোগ, চীনের অতিরিক্ত পণ্য রপ্তানি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করছে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগে সম্পাদিত কিছু বাণিজ্য চুক্তিতে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকায় কয়েকটি দেশের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের চেয়ে কার্যকর হার কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ তদন্ত পরিচালিত হয়েছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর উৎপাদন ও শিল্প খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সৃষ্ট প্রভাব পর্যালোচনা করা হয়।




