সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

কর্মসূচির অংশ হিসেবে তিন বাহিনীর প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। ফজরের নামাজের পর দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকেরা অংশ নেবেন।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে ২১ নভেম্বর একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিতভাবে পাকিস্তানি বাহিনীর অবস্থানে আক্রমণ পরিচালনা করে মুক্তিবাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্যরা। মুক্তিযুদ্ধের ওই পর্যায়ে তিন বাহিনীর সম্মিলিত অভিযান যুদ্ধের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের গেরিলা অভিযানের পাশাপাশি প্রচলিত সামরিক কৌশলে সমন্বিত আক্রমণের পরিসর আরও বিস্তৃত হয়। ধারাবাহিক প্রতিরোধ ও অভিযানের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।