
বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তবে এসব খেতাবের বাইরেও স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জনের গৌরব অত্যন্ত বিরল। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের সেই গৌরবের অংশীদার। তাঁদের প্রতি বীরোচিত অভিনন্দন জানান তিনি।
মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ এবং অনেকের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সশস্ত্র বাহিনী দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি সশস্ত্র বাহিনীর জন্যও গর্বের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। দেশের মর্যাদা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
