মিয়ানমারে হাজারো রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। একই সময়ে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে এবং তাদের গ্রাম ও বসতিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এসব কর্মকাণ্ডের পেছনে উত্তর রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় ছিল বলে মনে করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।

রায়ের পর্যবেক্ষণে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘সব তথ্যপ্রমাণ বিবেচনা করে আদালত এই অভিমতে পৌঁছেছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড ব্যাখ্যা করার একমাত্র যুক্তিসঙ্গত ধারণা হলো উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়।’

তিনি আরও বলেন, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। সেনাসদস্যরা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের পাশাপাশি শিশুদের ওপর সহিংসতা চালিয়েছে এবং তাদের গ্রাম ও বসতি ধ্বংস করেছে।

আইসিজে প্রেসিডেন্টের পর্যবেক্ষণে বলা হয়, ভয়াবহ সহিংসতার মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছিলেন, তখনও তাঁদের ওপর হামলা চালানো হয়। ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় সহিংসতায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার যে হিসাব দেওয়া হয়েছে, আদালত তা তথ্যপ্রমাণের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করেছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিজের আদালতকক্ষে রায় পড়া শুরু করেন প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া।

রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও সহিংসতার মাধ্যমে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে—এ অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এসব ঘটনার জন্য রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে দায়ী করা হয়।