ঢাকায় আত্মগোপনে থাকা আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান

রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনার পর ঢাকায় এসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের অবস্থান শনাক্তে ইতিমধ্যে নজরদারি শুরু করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতার পর অনেকে ঢাকায় এসে আত্মগোপন করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, এরই মধ্যে কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যারা পালিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন, তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।

তিনি জানান, নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। নাশকতার উদ্দেশ্যে কেউ চলাচল করলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনার লক্ষ্যেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

এডিসি নিয়াজ মেহেদী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। একই সময়ে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্থাপনাকে কেপিআই হিসেবে বিবেচনা করে পূর্বপরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে।

সাইবার জগতেও পুলিশের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

এর কয়েক ঘণ্টা আগে রাজধানীর নিকেতনে নিজ বাসা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।