
দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রমের সূচনা হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ খাতে পারমাণবিক শক্তির ব্যবহারিক যাত্রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার সক্ষমতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।
প্রথম দফার পরীক্ষা শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিভিন্ন পরিচালন ও কারিগরি পরীক্ষা চালানো হবে।
পরীক্ষার প্রতিটি পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সংশ্লিষ্ট সব পরীক্ষা সফলভাবে শেষ হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পর পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
রুশ ঠিকাদারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায় সম্পন্ন হওয়ার পর ইউনিটটির দায়িত্ব রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে।
পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং প্রতিষ্ঠান হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
সংশ্লিষ্টদের আশা, কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
