
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, ছবি ও ভিডিও ফুটেজে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের সহিংসতার বিষয়টি জাতীয় সংসদে আলোচনায় এসেছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মেনে নেবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি আয়োজনও বেআইনি। এর মধ্যে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অস্ত্র হাতে যাদের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে, তাদের শনাক্ত করার কাজ চলছে। এলাকায় যৌথবাহিনী মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে বলপ্রয়োগের মাত্রা নিয়ে সতর্ক থাকার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তাঁর ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বলপ্রয়োগ করতে পারে, তবে তা যেন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত না হয়। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন, তার বেশি করা উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় আনুপাতিকভাবে শক্তি প্রয়োগ করে দায়িত্ব পালনের বিষয়টিই সরকার গুরুত্ব দিচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত কেউ এসব কর্মকাণ্ডে জড়ালে তার দায় তাকেই নিতে হবে। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ এবং এতে জড়িত ব্যক্তিরা নিজেদের জন্য আইনি জটিলতা তৈরি করছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ঢাকায় এ কর্মসূচির বড় কোনো প্রভাব পড়বে বলে সরকার মনে করছে না। দেশের অন্যান্য স্থানেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা দেখছে না সরকার।
তিনি জানান, এর আগেও দলটির কর্মসূচি ছিল। সেসব কর্মসূচি নিয়ে আগের ব্রিফিংয়েও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছিল। বর্তমান কর্মসূচি নিয়েও সরকার বড় ধরনের উদ্বেগে নেই।
গোপালগঞ্জের ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার এবং গুলশানের একটি ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, কোনো এলাকায় দায়িত্ব পালনে ব্যর্থতা বা অবহেলার বিষয় সামনে এলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেই তিনি ইচ্ছাকৃতভাবে দায়িত্বে ব্যর্থ হয়েছেন, এমনটি বোঝায় না। তবে দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকলে তা বিবেচনায় নিয়ে নতুন কর্মকর্তার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যত কম বলপ্রয়োগ এবং যত কম প্রাণহানি ঘটিয়ে দায়িত্ব পালন করা যায়, সেটিই হওয়া উচিত।
তাঁর দাবি, গোপালগঞ্জে প্রথম দিনের পরিস্থিতি ছিল অত্যন্ত সহিংস। সে সময় আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কৌশল কার্যকর হয়েছে। সরকারের সমালোচকরাও পরিস্থিতি ব্যবস্থাপনার প্রশংসা করছেন বলে তিনি উল্লেখ করেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে এক পুলিশ সুপারের গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকারের নজরদারি কার্যক্রমের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।
তিনি বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অনেক কর্মকর্তার সঙ্গে দলটির রাজনৈতিক ঘনিষ্ঠতা বা সম্পৃক্ততা থাকতে পারে। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সেটি মূল বিষয় নয়। দায়িত্বে থাকা অবস্থায় কোনো কর্মকর্তা রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত হলে তা উদ্বেগের কারণ।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সরকারের নিজস্ব ব্যবস্থা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পরিস্থিতির পাশাপাশি গঙ্গা পানি বণ্টন চুক্তি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির পরবর্তী পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ কী চায় এবং কোন প্রক্রিয়ায় এগোতে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত এ ধরনের সফরের কোনো সম্ভাবনা নেই। চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতার বিষয়টিকে প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো সাধারণত অনেক আগেই চূড়ান্ত করা হয়। গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে জানানো হবে।
