ফিজি, গায়ানা ও অস্ট্রিয়ার দূতদের দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নিয়োগের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নবনিযুক্ত ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনার এবং অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের প্রতি তিনি এ আহ্বান জানান।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বঙ্গভবনে নবনিযুক্ত তিন কূটনীতিক রাষ্ট্রপতির কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেন। পরে তাঁদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি।

প্রথমে অস্ট্রিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক, এরপর গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং সবশেষে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো, উৎপাদন ও সেবাসহ বিভিন্ন খাতে তাঁদের কাজ করার সক্ষমতা রয়েছে। অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।

এ ক্ষেত্রে স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতা সম্পাদনের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার বেলেনের প্রতি শুভেচ্ছা জানান। বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র সচিবকে নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

গায়ানার হাইকমিশনারের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলীর পুনর্নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে গায়ানার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। গায়ানায় বাংলাদেশের ওষুধ রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় নিবন্ধন প্রক্রিয়া সহজ করার বিষয়েও অনুরোধ করেন রাষ্ট্রপতি।

ফিজির হাইকমিশনারের সঙ্গে বৈঠকে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে তিন দেশের কূটনীতিকই বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তাঁরা।

রাষ্ট্রপতি নবনিযুক্ত কূটনীতিকদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের দায়িত্বকালে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল নবনিযুক্ত কূটনীতিকদের গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।