নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

স্কুল ও কলেজ পর্যায়ে কারিগরি বা ভোকেশনাল শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করা হবে।

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, ভাষা শিক্ষা, পরিবেশ সচেতনতা এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর লক্ষ্য, শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করা।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের যথাযথভাবে গড়ে তুলতে স্কুল-কলেজে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকেই এ শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

খেলাধুলায় অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও শিক্ষার্থীদের যুক্ত হতে হবে। সেখানে ছয় থেকে সাত ধরনের খেলা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা নির্বাচন করতে পারবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ভাষা শিক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। তালিকায় ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা রাখার পরিকল্পনা রয়েছে।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, বেশি করে গাছ লাগানো এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি। আপনজনদের জন্মদিনে উপহার হিসেবে গাছ দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বেশি বেশি বৃক্ষরোপণ করলে পরিবেশের উন্নতি হবে। পরিবেশ ভালো থাকলে তার সুফল সবাই পাবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধ অর্জনেও মনোযোগী হতে হবে। এসব গুণের সমন্বয়েই তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হয়ে উঠতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবন পরিদর্শনে আসেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থীও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।