
গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেমন কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামে সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতির মূল ধারাটাই হলো আগুন সন্ত্রাস এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড। এটি নতুন কোনো বিষয় নয়, বরং তাদের রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ।
আন্দালিব রহমান পার্থ বলেন, গত ১৫ বছর ধরে গোপালগঞ্জকেন্দ্রিক যে স্বাভাবিক ধারা বা কর্মকাণ্ড তারা চালিয়ে এসেছে, তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশ থেকে তাদের পলাতক আসামি ও সন্ত্রাসীদের সেখানে জড়ো করে একটি শোডাউন বা মহড়া দেখানো হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে বর্তমানে তাদের আর কোনো উল্লেখযোগ্য বা বাস্তব অস্তিত্ব নেই। সেইসঙ্গে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে কিংবা অস্বীকার করার মানসিকতা নিয়ে নতুন করে রাজনীতি করা বা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো অধিকার বা সুযোগ আওয়ামী লীগের সামনে খোলা নেই। তারা রাজনৈতিকভাবে তাদের সব কার্ড ও গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে।
আন্দালিব রহমান পার্থ আরও বলেন, তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন এবং দীর্ঘ ১৭ বছরে বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমান সরকার দেশেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে।
ভুয়া খবর প্রসঙ্গে মন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে ভুয়া খবর এবং মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা রোধে সরকারের পাশাপাশি অংশীজনদের (স্টেকহোল্ডার) সহযোগিতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর অর্থনৈতিক স্বার্থ এবং তাদের অ্যালগরিদমের কারণে প্রতিটি অ্যাকাউন্ট বা পেইজ সার্বক্ষণিক মনিটর করা বাস্তবসম্মত নয়। তবুও মানহানিকর, বিকৃত বা ভুয়া সংবাদ এবং ফেসবুকে গালিগালাজ ও অপসংস্কৃতি রোধে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক এবং রাজনীতি ডটকম-এর সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিম-এর সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, জাগোনিউজ২৪ এর সম্পাদক কে এম জিয়াউল হক, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম প্রমুখ।
