
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান (এপিসি)। পাশাপাশি ড্রোনসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের সুবিধার্থে মোতায়েন করা সদস্যদের বড় একটি অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে বিভিন্ন এলাকার পরিস্থিতি সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে বাহিনীটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বিজিবি সদস্যদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসারে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাঁরা দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন বিজিবি সদস্যরা।
জনসংযোগ কর্মকর্তা আরও জানান, দায়িত্ব পালনের সময় সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি প্রস্তুত রয়েছে।
এদিকে, রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিনে জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
